‘প্রয়োজনে ইস্তফা দেব, তবু চোরদের হাতে দল ছাড়ব না!’ ভাঙন-জল্পনায় বিস্ফোরক উদ্ধব – এবেলা

এবেলা ডেস্কঃ
মুম্বই: দলের অন্দরে তীব্র ভাঙন-জল্পনার মাঝেই নজিরবিহীন পদক্ষেপ নিলেন শিবসেনা (UBT) প্রধান উদ্ধব ঠাকরে। দলের অন্তত ৬ জন লোকসভা সাংসদ একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে পারেন— এমন গুঞ্জনের মাঝেই শুক্রবার দলের ৬০তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি পদত্যাগের প্রস্তাব দিলেন বালাসাহেব-পুত্র।
কী বললেন উদ্ধব ঠাকরে?
- ইস্তফার প্রস্তাব: আবেগঘন বক্তব্যে কর্মীদের উদ্দেশে উদ্ধব বলেন, “আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর মানুষ নই। তবে আপনাদের যদি আমার ওপর আর কোনও ভরসা না থাকে, তবে আমি সভাপতির পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত। দলের কোনও সাধারণ কর্মী সভাপতি হলে আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু কোনও অবস্থাতেই চোরদের (শিন্ডে শিবির) হাতে দলের রাশ তুলে দেব না।”
- ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা: সম্ভাব্য দলবদলু সাংসদদের নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাঁরা আমাদের এই সাংসদদের ভোট দিয়েছিলেন, আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।”
- বিজেপিকে তোপ ও কংগ্রেসের প্রশংসা: চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে উদ্ধব বলেন, বিজেপি পরিকল্পনা করে শিবসেনাকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে। তিনি আরও যোগ করেন, “আমাদের অর্ধেক জীবন কংগ্রেসের বিরুদ্ধে লড়ে কেটেছে, কিন্তু তারা কখনও শিবসেনাকে এভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করেনি, যেটা আজ বিজেপি করছে।”
মঞ্চে অনুপস্থিত ৬ সাংসদ
এদিনের অনুষ্ঠানে সম্ভাব্য দলবদলু ৬ জন সাংসদের কেউই উপস্থিত ছিলেন না। মঞ্চে উদ্ধবের পাশে দেখা যায় মাত্র ৩ জন লোকসভা সাংসদকে।
তবে কংগ্রেসের সঙ্গে জোট থাকলেও, দল কখনোই কংগ্রেসের সঙ্গে মিশে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন উদ্ধব। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলবদলের আবহে উদ্ধবের এই আবেগঘন ইস্তফার প্রস্তাব আসলে কর্মীদের নিজেদের দিকে ধরে রাখার এবং বিরোধী শিবিরের ওপর পাল্টা মনস্তাত্ত্বিক চাপ তৈরির এক সুচতুর রাজনৈতিক কৌশল।
