রেলে বিনা টিকিটে চড়লেই এবার দ্বিগুণ জরিমানা, কড়া হচ্ছে অন্যান্য শাস্তিও – এবেলা

এবেলা ডেস্কঃ
রেলে টিকিট ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এখন থেকে বিনা টিকিটে যাত্রা করলেই যাত্রীদের আগের তুলনায় দ্বিগুণ জরিমানা গুনতে হবে। ‘জনবিশ্বাস বিধি ২০২৬’ মোতাবেক রেলের এই নতুন নির্দেশিকা আজ থেকেই দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এত দিন বিনা টিকিটে ভ্রমণের জন্য ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হতো, যা এখন বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। রেলের রাজস্ব ক্ষতি কমানো এবং অননুমোদিত ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতেই মূলত এই জরিমানা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হকার ও লেডিস কামরায় কড়াকড়ি
রেলওয়ের নতুন বিজ্ঞপ্তিতে শুধু টিকিটহীন যাত্রীই নয়, ট্রেনের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে। এখন থেকে ট্রেনে অবৈধভাবে হকারি করলে ২ হাজার টাকা জরিমানা ধার্য করা হবে। পুরুষ যাত্রীদের জন্য সংরক্ষিত লেডিস কামরায় অনধিকার প্রবেশ রুখতেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে; নিয়ম ভাঙলে জরিমানা দিতে হবে আড়াই হাজার টাকা। এছাড়া, অন্যের টিকিটে যাত্রা করার অপরাধে ন্যূনতম ৫০০ টাকা ফাইন করা হবে।
পরিচ্ছন্নতা ও যাত্রী নিরাপত্তায় নজর
যাত্রী স্বাচ্ছন্দ্য ও ট্রেনের পরিবেশ বজায় রাখতে থুতু ফেলা, মদ্যপান বা অযথা ঝামেলা পাকানোর ক্ষেত্রে ১ হাজার টাকা জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির মাত্রা আরও বাড়বে, সে ক্ষেত্রে জরিমানার পরিমাণ দাঁড়াবে ৫ হাজার টাকা পর্যন্ত অথবা জেল হতে পারে। ট্রেনের ভেতরে ধূমপান নিষিদ্ধ করতে জরিমানার অঙ্ক বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এর পাশাপাশি, ট্রেনে কোনো ধরনের আপত্তিকর বা বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে।
রেল কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপের ফলে ট্রেনে টিকিট কাটার প্রবণতা যেমন বাড়বে, তেমনই ট্রেনের ভেতরে অবৈধ হকার ও বহিরাগতদের উপদ্রব কমবে বলে মনে করা হচ্ছে। জরিমানা ও শাস্তির এই কড়াকড়ি সাধারণ যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।
