বিদেশের ছোঁয়ায় আমূল বদলে যাচ্ছে কলকাতা, এবার তৈরি হচ্ছে অত্যাধুনিক ডিজিট্যাল বাসস্ট্যান্ড! – এবেলা

বিদেশের ছোঁয়ায় আমূল বদলে যাচ্ছে কলকাতা, এবার তৈরি হচ্ছে অত্যাধুনিক ডিজিট্যাল বাসস্ট্যান্ড! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা শহরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে একগুচ্ছ আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতার ভোল বদলে দেওয়ার এই নতুন রূপরেখার কথা ঘোষণা করেছেন। মূলত শহরের সৌন্দর্য্যায়ন এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

স্মার্ট বাসস্ট্যান্ডে মিলবে চার্জিং ও চাইল্ড কেয়ার সুবিধা

সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে তৈরি হতে চলেছে পরিবেশবান্ধব ডিজিট্যাল বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডগুলির প্রধান বৈশিষ্ট্য হলো, এগুলি সম্পূর্ণ সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেলের মাধ্যমে পরিচালিত হবে, ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচের কোনো সম্ভাবনা থাকবে না। আধুনিক এই বাসস্ট্যান্ডগুলিতে সাধারণ যাত্রীদের জন্য থাকবে মোবাইল ও গ্যাজেট চার্জিং পয়েন্ট। পাশাপাশি একটি ডিজিটাল স্ক্রিন থাকবে, যেখানে কোন বাস কখন আসবে তার সময়সূচি ও লাইভ তালিকা প্রদর্শিত হবে। এছাড়া, যেসব মায়েরা শিশুদের নিয়ে যাতায়াত করেন, তাঁদের সুবিধার্থে বাসস্ট্যান্ডেই থাকছে বিশেষ ডায়পার চেঞ্জিং রুমের ব্যবস্থা।

পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটে বসছে ডিজিটাল হোর্ডিং

শহরের আধুনিকীকরণের অংশ হিসেবে বিদেশের মতো বড় বড় ডিজিটাল হোর্ডিং বসানোর কাজও শুরু হয়েছে। প্রাথমিকভাবে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড—এই তিনটি গুরুত্বপূর্ণ এলাকাকে ডিজিটাল হোর্ডিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুটি জায়গায় হোর্ডিং বসানোর কাজ সম্পন্ন হয়েছে। নাগরিকদের বিনোদনের কথা মাথায় রেখে শনি ও রবিবার এই স্ক্রিনগুলোতে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখানোর বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

প্রযুক্তির এই ব্যবহারের ফলে শহরের সামগ্রিক রূপ যেমন পরিবর্তন হবে, ঠিক তেমনি সৌরশক্তির ব্যবহারে দূষণ ও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব হবে। এর পাশাপাশি, নাগরিক সমস্যা দ্রুত সমাধানের জন্য পুর ও নগরোন্নায়ন দফতরের পক্ষ থেকে একটি বিশেষ টোল-ফ্রি নম্বরও চালু করা হয়েছে, যেখানে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত জল জমা, ডেঙ্গি বা বেআইনি নির্মাণ সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি জানানো যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *