তোলাবাজি-চাঁদা জুলুম বন্ধে কড়া আইন! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর – এবেলা

তোলাবাজি-চাঁদা জুলুম বন্ধে কড়া আইন! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বাংলায় সিন্ডিকেট রাজ, কাটমানি এবং চাঁদার জুলুম রুখতে এবার আইনি পথে হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় নতুন সরকারের প্রথম বাজেট পেশ করার সময় এই বিষয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জোর করে চাঁদা আদায় এবং তোলাবাজি বন্ধ করতে খুব শীঘ্রই নয়া আইন আনা হচ্ছে।

বাজেটে অর্থমন্ত্রীর কড়া বার্তা

তৃণমূল জমানার প্রসঙ্গ টেনে বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “ব্যবসায় বহিরাগত হস্তক্ষেপ এবং চাঁদাবাজি রাজ্যের বাণিজ্যের ব্যাপক ক্ষতি করছে। এই অরাজকতা চিরতরে বন্ধ করার জন্যই আমরা নতুন আইন আনছি।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এর আগে রাজ্যে ব্যাপক বিনিয়োগ ও শিল্পায়নের স্বার্থে আইন-শৃঙ্খলা সুদৃঢ় করার ওপর জোর দিয়েছিলেন। তাঁর স্পষ্ট বার্তা ছিল, বাংলায় নতুন শিল্প আনতে গেলে তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বস্তি

পূর্বতন সরকারের আমলে বাড়ি তৈরি, জমি কেনা, দোকান খোলা থেকে শুরু করে বিভিন্ন উৎসব-পুজোয় সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায়ের ভুরিভুরি অভিযোগ উঠত। টাকা না দিলে অত্যাচারের ঘটনাও ঘটত আকছার। তবে পালাবদলের পর বিজেপি সরকার তাদের প্রথম বাজেটেই সাফ জানিয়ে দিল, আমজনতা বা ব্যবসায়ীদের ওপর এমন জুলুম আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সরকারের এই কড়া পদক্ষেপের জেরে বাংলায় তোলাবাজির দিন এবার শেষ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *