৪,৫৬৬ কোটির অস্ত্র চুক্তি! ভারতকে ‘অ্যাপাচে’ ও ‘হাউইৎজার’ দিচ্ছে ট্রাম্প প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝেই ভারতের সামরিক হাত আরও শক্ত করতে বড় পদক্ষেপ নিল আমেরিকা। ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার যুদ্ধক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে ৪ হাজার ৫৬৬ কোটি টাকার (প্রায় ৪২.৮ কোটি মার্কিন ডলার) এক বিশাল সামরিক প্যাকেজে অনুমোদন দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই মেগা চুক্তির আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অন্যতম সেরা দুই অস্ত্র— ‘অ্যাপাচে’ যুদ্ধ হেলিকপ্টার এবং ‘এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার’ কামানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও প্রযুক্তিগত সহায়তা দেবে ওয়াশিংটন।
কী থাকছে এই বিপুল প্যাকেজে?
মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (DSCA)-র বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রতিরক্ষা চুক্তিতে শুধু যন্ত্রাংশই নয়, থাকছে অত্যাধুনিক রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং ভারতীয় সেনাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও। এর মধ্যে অ্যাপাচে হেলিকপ্টার প্যাকেজের মূল্য প্রায় ১৯ কোটি ৮২ লক্ষ ডলার এবং এম-৭৭৭ কামান প্যাকেজের মূল্য প্রায় ২৩ কোটি ডলার।
কেন এই দুই যুদ্ধাস্ত্র ভারতের জন্য গেমচেঞ্জার?
- অ্যাপাচে AH-64E হেলিকপ্টার: ভারতীয় বায়ুসেনার এই আকাশ-দানব একযোগে ১২৮টি শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত করে নিমেষে ১২টিতে নিখুঁত আঘাত হানতে পারে। প্রতি মিনিটে ১,২০০ রাউন্ড গুলি ছোঁড়ার ক্ষমতাসম্পন্ন এই হেলিকপ্টার প্রায় ২,৮০০ ফুট উচ্চতাতেও সমান ধ্বংসাত্মক।
- এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার: টাইটেনিয়াম দিয়ে তৈরি মাত্র ৪ টন ওজনের এই কামানটি হেলিকপ্টারে করে চিনের দুর্গম পার্বত্য সীমান্তে (লাদাখ ও অরুণাচল) অনায়াসে নিয়ে যাওয়া যায়। ২৪ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে এর জুড়ি মেলা ভার।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প সরকারের এই সবুজ সংকেত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের দাদাগিরি রুখতে এবং ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।
