ত্রাসের রাজত্ব শেষ! হাতজোড় করে বাজার ঘুরল কালিয়াচকের ‘ডন’ বকুল শেখ – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদা: একসময় যার নাম শুনলে ভয়ে কাঁটা হয়ে থাকতেন এলাকাবাসী, সেই কালিয়াচকের ত্রাস বকুল শেখকে এবার দেখা গেল চরম দুর্দশায়। বুধবার বিকেলে কোমরে দড়ি বেঁধে, ভরা বাজারের মধ্যে দিয়ে তাঁকে ঘোরানো হলো পুলিশের তত্ত্বাবধানে। পুষ্পা জাহাঙ্গীরের পর বকুল শেখের এমন পরিণতিতে মালদার কালিয়াচকে এখন রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ঠিক কী ঘটেছিল?
কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর অঞ্চলের প্রাক্তন তৃণমূল সভাপতি ছিলেন বকুল শেখ। অভিযোগ, এলাকায় তাঁর দাপটে একসময় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত। তোলাবাজি থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। মঙ্গলবারই একটি মাদক মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের কড়া পদক্ষেপ, স্বস্তিতে এলাকাবাসী
বুধবার বিকেলে কালিয়াচক থানার পুলিশ ধৃত বকুল শেখকে নিয়ে বেরিয়ে পড়ে এলাকায়। জাতীয় সড়ক ধরে বাজারের মধ্যে দিয়ে তাঁকে হাঁটানোর সময় স্থানীয়দের চোখেমুখে ছিল বিস্ময় ও তৃপ্তির ছাপ। একসময় যাঁকে ভয়ে সাধারণ মানুষ মুখ ফুটে কিছু বলতে পারত না, আজ পুলিশি হেফাজতে সেই বকুলকে হাতজোড় করে বাজার ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ একে ‘কঠিন বাস্তব’ বলে কটাক্ষ করছেন।
পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এলাকার এক বাসিন্দা জানান, “বকুল শেখের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমরা। আজ তাঁকে এভাবে দেখে শান্তি লাগছে।” মালদা জেলাজুড়ে পুলিশের এই ধরপাকড় ও কঠোর পদক্ষেপ নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে ব্যাপক চর্চা।
