‘দ্বিতীয়বার যেন আসতে না হয়, পরিণাম ভাল হবে না!’ পুলিশ ফাঁড়িতে ঢুকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি: বিরোধী বিধায়ক হিসেবে নয়, এবার রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন শঙ্কর ঘোষ। এলাকায় তোলাবাজি ও ‘মাফিয়ারাজ’ বন্ধের দাবিতে সোজা আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়লেন তিনি। কর্তব্যরত পুলিশ আধিকারিকদের উদ্দেশে মন্ত্রীর সাফ হুঁশিয়ারি, “দ্রুত ব্যবস্থা নিন। আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়। আসতে হলে কী হবে, তা আমিও জানি না!”
অভিযোগের পাহাড় ও মন্ত্রীর ক্ষোভ
শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্র ডাবগ্রাম-ফুলবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন পর্যটন মন্ত্রী। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, জমি মাফিয়া ও বালি মাফিয়াদের দাপটে জীবন ওষ্ঠাগত। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজ চললেও, আশিঘর ফাঁড়িতে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই নিষ্ক্রিয়তার কথা শুনেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী।
পুলিশকে কী বললেন মন্ত্রী?
ফাঁড়িতে পৌঁছেই শঙ্কর ঘোষ সাফ জানান, প্রাক্তন সরকারের আমলের মতো ঢিলেঢালা মনোভাব আর চলবে না। পুলিশের একাংশকে নিশানা করে তিনি বলেন, “বিগত সরকারের আমলে যেভাবে কাজ করে পার পেয়ে যেতেন, এবার তা হবে না। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে নতুন সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। মুখ্যমন্ত্রী ও দলের রাজ্য সভাপতির নির্দেশই আমাদের কাছে শেষ কথা।”
রাস্তা সারাই নিয়ে আশ্বাস
এদিন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বর্ষার কারণে এলাকার বেশ কিছু রাস্তার অবস্থা বেহাল। তবে তড়িঘড়ি কাজ করে সরকারি টাকা নষ্ট করতে তিনি নারাজ। শঙ্কর ঘোষের প্রতিশ্রুতি, “বর্ষা কমলেই আগামী দুর্গাপুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থার স্থায়ী সমাধানের জন্য খামতিগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
