দশ নম্বর জাতীয় সড়কে ধস, সিকিম-কালিম্পং যাত্রীদের জন্য জারি বড় রুট ম্যাপ – এবেলা
June 26, 2026

এবেলা ডেস্কঃ
শিলিগুড়ি: লাগাতার বৃষ্টিতে ফের বিপর্যস্ত পাহাড়ি পথ। দশ নম্বর জাতীয় সড়কে বড়সড় ধসের জেরে ফের বিচ্ছিন্ন সিকিম ও কালিম্পংয়ের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ। এই পরিস্থিতিতে বড় ধরনের রুট পরিবর্তনের নির্দেশ দিয়েছে প্রশাসন।
পরিবর্তিত রুট ও নির্দেশিকা:
পাহাড়ের প্রধান লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়কের বাঘপুল ও সেবক কালীমন্দির এলাকায় ধসের কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় দার্জিলিং ও কালিম্পং পুলিশ নতুন রুট ম্যাপ প্রকাশ করেছে:
- নতুন রুট: কালিম্পং ও সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত গাড়িকে করনেশন ব্রিজ (Coronation Bridge) হয়ে গজলডোবার রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- বিকল্প পথ: সিকিম বা কালিম্পং থেকে রংপো হয়ে আসা গাড়িগুলিকে মনসং হয়ে লাভা, গরুবাথান, ওদলাবাড়ি ও গজলডোবা রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
- সতর্কতা: করনেশন ব্রিজে যাতে যানজট না হয়, তার জন্য প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।
আগামীকাল শুক্রবার ধস কবলিত এলাকায় যান চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ জারি থাকবে। তাই সিকিম ও ডুয়ার্সগামী যাত্রীদের আগেভাগেই এই নতুন রুট অনুযায়ী ভ্রমণের পরিকল্পনা করার জন্য অনুরোধ করেছে পুলিশ ও প্রশাসন। আপাতত রাস্তা মেরামতের কাজ চলছে, তবে নতুন করে ধসের আশঙ্কায় কপালে ভাঁজ প্রশাসনের।
