পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা! বাসন্তীতে জনরোষের মুখে কাটমানি ‘অভিযুক্ত’ – এবেলা

এবেলা ডেস্কঃ
বাসন্তী: দুর্নীতি, তোলাবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। মঙ্গলবার বিকেলে স্থানীয় তৃণমূল নেতা পবিত্রকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিল মসজিদবাটি এলাকা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, পুলিশের হাত থেকে ওই নেতাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন ক্ষিপ্ত জনতা।
কী অভিযোগ?
এলাকাবাসীর দাবি, সরকারি আবাস যোজনার উপভোক্তাদের থেকে কাটমানি আদায় থেকে শুরু করে দোকান-বাজার ও স্থানীয়দের থেকে তোলাবাজি— পবিত্রর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
কী ঘটেছিল মঙ্গলবার?
মঙ্গলবার ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ চরমে পৌঁছালে তাঁর বাড়ি ঘিরে ফেলে এলাকাবাসী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। তবে অভিযুক্ত নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে বাধা দেয় উত্তাল জনতা। পুলিশকর্মীদের ঘিরে ধরে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় নারী ও পুরুষরা। এক পর্যায়ে পুলিশের হেফাজত থেকে পবিত্রকে বের করে মারধরেরও চেষ্টা করা হয়।
শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে অভিযুক্ত তৃণমূল নেতাকে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। তবে উত্তেজিত জনতার সঙ্গে ধস্তাধস্তিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, পবিত্রর বিরুদ্ধে এলাকাবাসীর তোলা অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ নিয়ে অভিযুক্ত নেতার তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
