মোমো খাওয়ানোর নাম করে গাড়িতে তুলে যৌন হেনস্থা! – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লি: রাজধানীতে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল এক ভয়াবহ ঘটনায়। ২৪ বছর বয়সী এক তরুণীকে গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ উঠল ‘বিকাশ’ নামে এক পরিচিত যুবকের বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল? অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত বিকাশ তাঁকে মোমো খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিন্তু অভিযোগ, গাড়িটি শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে নির্জন পথের দিকে ঘুরিয়ে দেয় ওই যুবক। পথেই ওই তরুণীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে শুরু করে বিকাশ এবং গাড়িতে থাকা অবস্থাতেই শারীরিক সম্পর্কের জন্য জোর করতে থাকে।
তরুণীর অভিযোগ অনুযায়ী, গাড়ি চলন্ত থাকা অবস্থাতেই অভিযুক্ত তার মোবাইল ফোন অন করে ভিডিও করার চেষ্টা করে এবং জোরজবরদস্তি শুরু করে। তরুণী ভয় না পেয়ে প্রতিবাদ করেন এবং চিৎকার করতে শুরু করলে পরিস্থিতি বেগতিক দেখে বিকাশ গাড়ি থামিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় দিল্লির জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
