অর্জুন সিংয়ের মাস্টারস্ট্রোক! হুগলিতে খুলছে ৪টি বন্ধ জুটমিল, ফিরছে হাজার হাজার শ্রমিকের হাসি – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে পালাবদলের পর শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে এবার হুগলিতে খুলতে চলেছে চারটি বন্ধ জুটমিল। চন্দননগরের গোন্দলপাড়া, শ্রীরামপুরের ইন্ডিয়া এবং রিষড়ার হেস্টিংস ও ওয়েলিংটন জুটমিল খুব দ্রুত ফের চালু হতে চলেছে। এর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও একাধিক মিল খুলেছে। নতুন সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিন ধরে কর্মহীন হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা নতুন করে আশায় বুক বাঁধছেন।
রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য জানিয়েছেন, সরকার জুটশিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং মিলগুলি যাতে নির্বিঘ্নে চলে তার জন্য সবরকম সহযোগিতা করা হবে। পূর্বতন সরকারের আমলে দিনের পর দিন এই কারখানাগুলি বন্ধ থাকায় চরম দুর্দশায় পড়েছিলেন শ্রমিকরা। বর্তমানে মিলগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। পুনরায় উৎপাদন শুরু হলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি শ্রমিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
