জ্যোতিষী থেকে কোটিপতি! তৃণমূল প্রধানকে ‘ডিমথেরাপি’, কাদা-গোবর মাখাল জনতা! – এবেলা

এবেলা ডেস্কঃ
বাসন্তী: জ্যোতিষী পেশা ছেড়ে তৃণমূলের হাত ধরে রাতারাতি কোটিপতি! দুর্নীতিতে জর্জরিত পঞ্চায়েত প্রধানের ওপর আজ তীব্র আক্রোশ ঝাড়লেন ক্ষুব্ধ গ্রামবাসী। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল পরিচালিত সজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দারের ওপর চলল ‘ডিমথেরাপি’, মাখানো হলো কাদা ও গোবর। শেষমেশ গলায় গামছা বেঁধে তাঁকে ঘোরানো হয় এলাকা জুড়ে। এই ঘটনায় গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই গৌর সর্দার পঞ্চায়েত অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, যার ফলে থমকে ছিল জনসেবামূলক কাজকর্ম। সম্প্রতি মন্ত্রী দিলীপ ঘোষ পঞ্চায়েত প্রধানদের অফিসে যোগদানের কড়া নির্দেশ দেওয়ায়, আজ শুক্রবার গৌর সর্দার অফিসে পৌঁছান। কিন্তু অফিসে ঢোকার পরই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের এক পর্যায়ে প্রধানকে লক্ষ্য করে মুহুর্মুহু ডিম ছোড়া হয়। উত্তেজনার পারদ চড়লে তাঁকে কাদা ও গোবর মাখিয়ে গলায় গামছা জড়িয়ে এলাকা ঘোরানো হয়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের ছত্রচ্ছায়ায় থেকে জ্যোতিষী গৌর সর্দার অবাধে দুর্নীতি চালিয়ে কোটিপতি হয়েছেন। একসময়ের প্রভাবশালী এই নেতার বিরুদ্ধে এতদিন ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ আজ প্রকাশ্যে চলে এল। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই নেতাকে উদ্ধার করে।
