বর্ষায় ভাসবে বাংলা, সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? – এবেলা

এবেলা ডেস্কঃ
ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে সপ্তাহান্তেও ভিজবে রাজ্য। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। তবে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি, দার্জিলিং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে, যেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ভূমিধস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রশাসন।
