তৃণমূলের অন্দরে বড় ভাঙন, বীরভূমে অনুব্রত তো হাওড়ায় রাজা! দল কি তবে দুই ভাগে বিভক্ত? – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা ক্ষমতার লড়াই এখন জেলা স্তরে চরম আকার ধারণ করল। রাজ্য কমিটি ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন শিবির বীরভূমসহ একাধিক জেলায় নিজস্ব কমিটি গঠন করে কালীঘাটকে বড় ধাক্কা দিল। বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং হাওড়ার বিধায়ক অরুণাভ সেনকে করা হয়েছে জেলা সভাপতি। এই তালিকায় রথীন ব্যানার্জি, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঘোষের মতো হেভিওয়েট নেতারা জায়গা পাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সমান্তরাল এই সাংগঠনিক কাঠামো গড়ে তোলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। জেলার পাশাপাশি শক্তিশালী মুখপাত্রের প্যানেল সাজিয়েও এই শিবির নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে চিফ মুখপাত্র নিযুক্ত করার পাশাপাশি দলবদলু ও নতুন মুখের ছড়াছড়ি তৃণমূলের বর্তমান নেতৃত্বকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। রাজ্যের একাধিক জেলায় নতুন করে এভাবে সমান্তরাল সংগঠন গড়ে তোলায় শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে।
