দুর্গাপুজোর আগেই সুরুচি সংঘে বড় রদবদল, বাদ পড়লেন ‘বিশ্বাস ব্রাদার্স’ – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ কলকাতার নামজাদা পুজো সুরুচি সংঘের নতুন কমিটি থেকে বাদ পড়েছেন অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাস। তাঁদের কোনো ঘনিষ্ঠ ব্যক্তিও এবার কমিটিতে ঠাঁই পাননি। কমিটির নতুন সম্পাদক করা হয়েছে নিউ আলিপুরের বাসিন্দা তথা দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। এছাড়া নতুন কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি দক্ষিণ জেলা প্রেসিডেন্ট অনুপম ভট্টাচার্য সহ বিজেপিপন্থী বিশিষ্ট ব্যক্তিরা। আগামী ১৬ তারিখ রথের দিন সুরুচি সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হবে।
নতুন সম্পাদক সৌরভ শিকদার জানিয়েছেন, আগে এটি ভিআইপি কালচারের পুজো থাকলেও এবার থেকে তা প্রকৃত অর্থেই সর্বজনীন হবে এবং এলাকার মানুষ নির্ভয়ে অংশ নিতে পারবেন। তিনি অভিযোগ করেন, এতদিন এই পুজোকে কেন্দ্র করে তোলা আদায় ও সিন্ডিকেটের মতো নানা অনিয়ম চলত। এলাকাবাসীর দাবি, অরূপ বিশ্বাসদের একাধিক দুর্নীতির কারণেই এই কমিটি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতিমুক্ত ও ভীতিহীন পুজো উপহার দেওয়াই এখন নতুন কমিটির মূল লক্ষ্য।
