‘রাজনীতিতে এমন আসা-যাওয়া লেগেই থাকে’, সাফ কথা দিলীপের – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করায় বিজেপির অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে। দলের নিচুতলার কর্মীদের অভিযোগ, পুরনো ও একনিষ্ঠ কর্মীদের উপেক্ষা করে সদ্য দলত্যাগীদের এমন বড় পুরস্কার দেওয়া মেনে নেওয়া কঠিন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এই পরিস্থিতি সামাল দিতে আসরে নেমেছেন বিজেপির প্রবীণ নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। দলের অন্দরের বিতর্ক উড়িয়ে তিনি বলেন, “রাজনীতিতে এমন আসা-যাওয়া লেগেই থাকে।” তিনি স্পষ্ট করেন, বিজেপির সংবিধানে নতুনদের নেওয়ার বিষয়ে কোনও বাধা নেই। দিলীপবাবুর মতে, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার লক্ষ্যেই এই নেতাদের দলে নেওয়া হয়েছে। বিধায়ক থেকে শুরু করে দলের বর্তমান কাঠামোর অনেকেই অন্য দল থেকে এসেছেন বলে দাবি করে তিনি আরও বলেন, “যোগ্য লোক না থাকলে সরকার চলবে কী করে?” শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্ত নিচুতলার কর্মীরা কতটা মেনে নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
