তৃণমূলের অন্দরে বড় ইঙ্গিত? রাত সাড়ে ১০টায় সন্দীপনের বাড়িতে মদন মিত্র, তুঙ্গে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: মমতার হাত ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্যের অনেক হেভিওয়েট নেতা। এই পরিস্থিতিতে কালীঘাটের অনুগত হিসেবে পরিচিত কামারহাটির বিধায়ক মদন মিত্রের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। মঙ্গলবার গভীর রাতে আচমকাই এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছান মদন মিত্র।
কী ঘটেছিল সেই রাতে? সূত্র মারফত জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ সন্দীপনের বাড়িতে পৌঁছান মদন মিত্র। তবে সেই সময় বাড়িতে না থাকায় সন্দীপনের সঙ্গে তাঁর দেখা হয়নি। বরং সন্দীপনের বাবা, প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে প্রায় ১৫ মিনিট কাটান মদন। রাজনৈতিক মহলে চর্চা, একদিকে দলের অন্দরে যথাযথ গুরুত্ব না পাওয়ার ক্ষোভ, অন্যদিকে পরিবারের সদস্যদের কেন্দ্রীয় এজেন্সির নোটিস— সব মিলিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ থেকে সরে আসার কথা ভাবছেন মদন?
কেন এই সফর? যদিও মদন মিত্রের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে তাঁর এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরেই শোরগোল পড়ে গেছে। উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই তৃণমূলে বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। সেই শিবিরের নেতার বাড়িতে মদনের এই সফর নিছক সৌজন্য নাকি রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজ ২১ জুলাইয়ের সমাবেশ নিয়েও ঋতব্রত পন্থী তৃণমূলের বৈঠক রয়েছে, যার ফলে মদনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর সবার।
