গেস্ট হাউজের আড়ালে নারীপাচার! কসবায় পুলিশের অভিযানে উদ্ধার নাবালিকাসহ তিন, গ্রেফতার ৪ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: অতিথিনিবাসের আড়ালে রমরমিয়ে চলছিল মানবপাচার। এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে কসবার রাজডাঙা মেন রোডের একটি গেস্ট হাউজে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের মানবপাচার বিরোধী শাখা।
কী জানা গেছে? লালবাজার সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গেস্ট হাউজে হানা দেয়। সেখান থেকে এক নাবালিকা (১৫) সহ মোট তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাঁদের সেখানে আটকে রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
গ্রেফতার চার: এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে দুই পাচারকারী— মহম্মদ আসিফ (৩১) ও মুসকান পারভিন (২৪)। তারা দুজনেই নাদিয়াল থানা এলাকার বাসিন্দা। এছাড়া, এই অবৈধ কারবারে মদত দেওয়ার অভিযোগে গেস্ট হাউজটির ম্যানেজার আকাশ গঙ্গোপাধ্যায় (২০) এবং রিসেপশনিস্ট আনমোল ঠাকুর (২৪)-কেও পুলিশ হেফাজতে নিয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
