শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় গ্রেপ্তার – এবেলা

শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় গ্রেপ্তার – এবেলা

এবেলা ডেস্কঃ

নৈহাটি: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। এবার একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ।

কী অভিযোগ? প্রাক্তন এই তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা এবং মারধরের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। মূলত ২০২৫ সালে বিজেপি কর্মীদের ওপর হামলা, মারধর এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। উল্লেখ্য, দিন কয়েক আগেই অশোক চট্টোপাধ্যায়ের ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছিল।

পুরসভার অস্থিরতা ও পদত্যাগ: বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই নৈহাটি পুরসভায় অচলাবস্থা তৈরি হয়। তৃণমূল পরিচালিত এই পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলররা দপ্তরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। মে মাসে শেষবার পুরসভায় যাওয়ার সময় অশোক চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং তাঁকে পুরসভা থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে চাপের মুখে তিনি পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন।

আইনি প্রক্রিয়া: বুধবার সকালে গ্রেপ্তারির পর প্রাক্তন এই পুরপ্রধানকে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতকে ১০ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *