‘কাগজে-কলমে’ এখনও তৃণমূল! বিদ্রোহী ২০ সাংসদের প্রশ্ন জমা ঘিরে জল্পনা – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: খাতায়-কলমে তাঁরা এখনও ঘাসফুল শিবিরেরই সাংসদ! লোকসভার ওয়েবসাইটে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারদের পরিচয় এখনও তৃণমূল কংগ্রেস হিসেবেই রয়ে গিয়েছে, বদলানো হয়নি তাঁদের বসার আসনও। আর এই আবহেই লোকসভায় তৃণমূল সাংসদ হিসেবেই নিজেদের প্রশ্ন জমা দিলেন দলত্যাগী ২০ জন বিদ্রোহী সাংসদ।
উল্লেখ্য, তৃণমূলের এই ২০ জন বিদ্রোহী সাংসদ যে শরদ পওয়ারের এনসিপি-তে (NCP) যোগ দিচ্ছেন, তা নিশ্চিত করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন দলীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। কিন্তু আগামী ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হতে চললেও, লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এই দলবদল নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে আইনি জটিলতা ও নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ওই ২০ জন সাংসদের অন্দরে আপাতত চরম দোলাচল চলছে।
