‘আমি রাজ্যপাল বলছি…’ ফোন ধরলেই ফাঁদ! রাজভবনের নামে বড় জালিয়াতি রাজ্যে – এবেলা

এবেলা ডেস্কঃ
খোদ রাজ্যপাল আর.এন রবি এবং রাজভবনের নাম করে রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে এক বড়সড় প্রতারণা চক্র! সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তি ও সরকারি আমলাদের বোকা বানাতে ফাঁদ পেতেছে জালিয়াতরা। পরিস্থিতি বুঝতে পেরে শুক্রবার রাতেই একটি জরুরি নির্দেশিকা জারি করে কড়া সতর্কতা দিল রাজভবন।
কীভাবে পাতা হচ্ছে ফাঁদ? রাজভবন সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি +91 98365 40163 নম্বরটি ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে ফোন আসছে। ফোনের ওপার থেকে নিজেকে কখনও রাজ্যপাল, আবার কখনও রাজভবনের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিচ্ছে প্রতারক। এই ভুয়ো পরিচয়েই পাতা হচ্ছে প্রতারণার বড় জাল।
তদন্তে কলকাতা পুলিশের সাইবার সেল বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজভবন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন ও কল ডিটেইলস (CDR) খতিয়ে দেখে অভিযুক্ত প্রতারকের সন্ধান চালানো হচ্ছে।
রাজভবনের জরুরি সতর্কতা রাজভবনের তরফে সমস্ত সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যপাল বা রাজভবনের নাম করে কোনও ফোন বা নির্দেশ এলে অন্ধভাবে তা বিশ্বাস করবেন না। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবিলম্বে রাজভবনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সত্যতা যাচাই করার অনুরোধ করা হয়েছে।
কোথায় অভিযোগ জানাবেন? আপনার কাছেও যদি এমন কোনও সন্দেহজনক ফোন আসে বা এই চক্রের বিষয়ে আপনার কাছে কোনও তথ্য থাকে, তবে তা অবিলম্বে রাজভবনের অফিসিয়াল নম্বরে (033-2200-1641 থেকে 44) জানানোর অনুরোধ করা হয়েছে।
