জলহাটিতে চরম অচলাবস্থা! ভেস্তে গেল বোর্ড মিটিং, এবার কি বসছে প্রশাসক? – এবেলা

এবেলা ডেস্কঃ
জলহাটি পুরসভায় রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন চরমে! অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ডাকা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংও শেষ পর্যন্ত বাতিল করতে হল। নিরাপত্তার কারণ দেখিয়ে শুক্রবারের এই বৈঠক ভেস্তে যাওয়ায় জলহাটি পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি প্রশাসক নিয়োগের জল্পনা আরও জোরালো হল।
কেন বাতিল হল বৈঠক? শুক্রবার সকাল থেকেই পুরসভা চত্বরে ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, বিক্ষোভকারীদের হাতে ডিম ও ইট ছিল। এই পরিস্থিতে কয়েকজন কাউন্সিলর পুরসভার সামনে এসেও হামলার আশঙ্কায় ফিরে যান।
ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী বলেন, “বিজেপি কর্মীরা ডিম, ইট নিয়ে অপেক্ষা করছিলেন। পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও পর্যাপ্ত বাহিনী দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। তাই বাধ্য হয়েই লিখিতভাবে বৈঠক বাতিলের সিদ্ধান্ত এগজিকিউটিভ অফিসারকে জানানো হয়েছে।”
পুরসভায় কেন এই চরম সংকট?
- পদত্যাগ ও অনুপস্থিতি: ইতিমধ্যেই ১০ জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। প্রায় এক মাস ধরে পুরসভায় অনুপস্থিত খোদ চেয়ারম্যান।
- আটকে উন্নয়ন: প্রশাসনিক সিদ্ধান্ত ঝুলে থাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প এবং আর্থিক অনুমোদন থমকে রয়েছে। এদিনের বৈঠকে এই বিষয়গুলি নিয়েই আলোচনা হওয়ার কথা ছিল।
বিজেপির দাবি কী? পুরসভার এই বেহাল দশার জন্য বর্তমান বোর্ডকেই দুষেছেন বিজেপি নেতা জয় সাহা। তাঁর কথায়, “নাগরিকদের সমস্যার কথা জানাতেই আমাদের কর্মীরা পুরসভায় গিয়েছিলেন। বর্তমান বোর্ড পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। তাই প্রশাসক নিয়োগই এখন একমাত্র পথ।”
টানা অচলাবস্থার জেরে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা। এখন দেখার, জলহাটি পুরসভার জট কাটাতে রাজ্য সরকার প্রশাসক বসানোর পথেই হাঁটে কি না।
