বাংলা জয়ের মেগা পুরস্কার! মোদীর ক্যাবিনেটে পূর্ণমন্ত্রী হচ্ছেন শমীক ভট্টাচার্য? – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে বাংলায় প্রথমবার পদ্ম ফোটানোর বড়সড় পুরস্কার পেতে চলেছেন শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন মন্ত্রিসভার রদবদলে সরাসরি পূর্ণমন্ত্রীর মর্যাদা পেতে পারেন তিনি।
খাদের কিনারা থেকে ঐতিহাসিক জয়: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির হতাশাজনক ফলের পর দলের হাল ধরেন শমীক ভট্টাচার্য। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে রাজ্যে প্রথমবার বিজেপিকে ক্ষমতায় আনার মূল কারিগর তিনিই। রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারদের ছাপিয়ে শমীকের এই অভাবনীয় ‘স্ট্রাইক রেট’ তাঁকে মোদী-শাহের ‘গুডবুকে’ তুলে এনেছে সবার ওপরে।
দিল্লিতে মাঝরাতে মেগা বৈঠক: দিল্লি সূত্রে খবর, খুব শিগগিরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। বাদ পড়তে পারেন বেশ কয়েকজন, আসতে পারে নতুন মুখ। জানা গিয়েছে, গত বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই বাংলার এই কারিগরকে পূর্ণমন্ত্রী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর।
বাংলার ঝুলিতে আর কী থাকছে? প্রথমে শমীককে রাষ্ট্রমন্ত্রী করার জল্পনা থাকলেও, বাংলার এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাঁকে পূর্ণমন্ত্রী করার চিন্তাভাবনা চূড়ান্ত পর্যায়ে। এছাড়াও বাংলা থেকে ২-৩ জন রাষ্ট্রমন্ত্রী থাকতে পারেন মোদীর মন্ত্রিসভায়। বর্তমানে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। মন্ত্রিসভা সম্প্রসারিত হলে বাংলা থেকে আরও এক নতুন মুখ রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে।
