রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়! জারি অর্থ দফতরের নির্দেশিকা – এবেলা
July 21, 2026

এবেলা ডেস্কঃ
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। নির্বাচনী প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্তে এবার সরকারিভাবে সিলমোহর দিল রাজ্যের অর্থ দফতর। নয়া নির্দেশিকা অনুযায়ী, চাকরিপ্রার্থীরা আগামী ২ বছর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন।
কী বলা হয়েছে অর্থ দফতরের নির্দেশিকায়?
- ২ বছরের মেয়াদ: পশ্চিমবঙ্গ সার্ভিসেস (বয়সসীমা বৃদ্ধি) বিধি, ১৯৮১-এর সংশোধন করে জানানো হয়েছে, আগে যেখানে “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” লেখা থাকত, তা বদলে করা হয়েছে “বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২ বছরের জন্য”। অর্থাৎ, ২০ জুলাই ২০২৬-এ প্রকাশিত এই বিজ্ঞপ্তির ফলে আগামী ১৯ জুলাই ২০২৮ পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে।
- বিশেষ ‘সেভিং ক্লজ’: এই ২ বছরের মধ্যে যে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি বা আবেদনপত্র প্রকাশিত হবে, সেগুলির ক্ষেত্রে বর্ধিত বয়সসীমার সুবিধা পুরোপুরি বহাল থাকবে। নিয়োগ প্রক্রিয়া যদি এই নির্দিষ্ট মেয়াদের পরেও শেষ হয়, তবুও আবেদনকারী প্রার্থীরা বয়সের এই ছাড় থেকে বঞ্চিত হবেন না।
- প্রতিশ্রুতি পূরণ: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। শপথগ্রহণের পর নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আগামী দু’বছরের জন্য সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হবে। এবার অর্থ দফতরের এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ঘোষণাই সরকারি নিয়মে পরিণত হল।
রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের লক্ষ লক্ষ বয়সোত্তীর্ণ চাকরিপ্রার্থী নতুন করে সরকারি চাকরির পরীক্ষায় বসার সুবর্ণ সুযোগ পেলেন।
