যাত্রীসাথী ট্যাক্সি থেকে অস্ত্র উদ্ধার: হাওড়ায় বড় সাফল্য এসটিএফের, আটক অস্ত্রভাণ্ডার – এবেলা
July 23, 2026

এবেলা ডেস্কঃ
হাওড়ার নিশ্চিন্দায় পুলিশের এসটিএফ (STF) অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় হাওড়ার নিশ্চিন্দা থানার অভয়নগর এলাকায় একটি ‘যাত্রীসাথী’ ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
পুলিশ সূত্রে জানা গেছে, ডানলপ থেকে আসা ওই যাত্রীসাথী ট্যাক্সিটিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। এরপর চালককে জিজ্ঞাসাবাদ করে গাড়িতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে অস্ত্রের ভাণ্ডার। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ৯ এমএম পিস্তল, তিনটি ৭ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন, ২৯ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশি বন্দুক।
গোটা ঘটনায় ট্যাক্সিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই অস্ত্র পাচারের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসটিএফ।
