উল্টোরথে পুরী যাওয়া মিস? আক্ষেপ ভুলে ঘরেই বানিয়ে ফেলুন পুরীর বিখ্যাত ‘শ্রীক্ষেত্র খাজা’! রইল সহজ রেসিপি – এবেলা

এবেলা ডেস্কঃ
শ্রীধামে রথ থেকে উল্টোরথের পুণ্যদিনে যেতে না পারার আক্ষেপ কি রয়ে গেছে? জগন্নাথ দর্শন, রথের দড়ির টান আর পুরীর বিখ্যাত খাজা ভীষণ মিস করছেন? তবে উল্টোরথের দিনে আর মন খারাপ করার প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন পুরীর স্বাদের মুচমুচে খাজা। আর তা দিয়েই ঘরের মহাপ্রভু জগন্নাথ দেবকে নিবেদন করুন বিশেষ ভোগ।
খাজা বানানোর প্রয়োজনীয় উপকরণ:
- ডো তৈরির জন্য: ১ কাপ ময়দা, ২ টেবিল চামচ দেশি ঘি এবং পরিমাণমতো জল।
- চিনির সিরা তৈরির জন্য: ১ কাপ চিনি, ১ কাপ জল এবং ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো।
- অন্যান্য উপকরণ: ১.৫ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ টেবিল চামচ দেশি ঘি এবং বেলে নেওয়ার জন্য সামান্য চালের গুঁড়ো।
বানানোর প্রণালী:
১. প্রথমে ১ কাপ ময়দার সঙ্গে ২ টেবিল চামচ ঘি মিশিয়ে খুব ভালো করে ময়েন দিন। এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো বানিয়ে নিন এবং ঢাকা দিয়ে ২০ মিনিট রেখে দিন।
২. এবার কড়াইতে ১ কাপ চিনি ও ১ কাপ জল একসঙ্গে ফুটিয়ে চিনির সিরা তৈরি করে নিন। সিরায় সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিন। রস একটু ঘন হয়ে চ্যাটচ্যাটে ভাব এলে এবং হালকা এক তারের মতো তৈরি হলে গ্যাস বন্ধ করে দিন।
৩. এরপর ময়দার ডো থেকে ৫ থেকে ৭ টি সমান লেচি কেটে নিন। হাতের তালুতে গোল করে এগুলোকে চালের গুঁড়ো ছড়িয়ে পাতলা রুটির মতো বেলে নিন।
৪. একটি ছোট বাটিতে দেড় টেবিল চামচ চালের গুঁড়ো ও ঘি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।
৫. এবার একটি করে রুটির ওপর এই ঘি ও চালের গুঁড়োর মিশ্রণ ভালো করে লাগিয়ে নিন এবং একটার ওপর আরেকটা রুটি সাজিয়ে দিন।
৬. সব রুটি একসঙ্গে স্তূপ করে পাটিসাপটার মতো রোল করে নিন এবং মুখটা ঘি দিয়ে ভালো করে আটকে দিন।
৭. একটি ছুরি দিয়ে এই রোলটিকে সমান টুকরো করে কেটে নিন। এরপর প্রতিটি টুকরো আলতো হাতে লম্বা করে বেলে নিন (খুব বেশি পাতলা বা মোটা করবেন না)।
৮. কড়াইতে রিফাইন্ড তেল গরম করে প্রথমে হাই ফ্লেমে তেল গরম করে নিন, তারপর গ্যাসের আঁচ কমিয়ে একটা একটা করে খাজা তেলে ছেড়ে দিন। হালকা লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নিন।
৯. ভাজা খাজাগুলো হালকা গরম চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। রস ভালোভাবে ঢুকে গেলে প্লেটে তুলে মহাপ্রভুর প্রসাদ হিসেবে নিবেদন করুন।
