‘মুখ্যমন্ত্রীর নাতনি বলেই কি আইন নিজের হাতে?’ এসবিআই ম্যানেজারকে সপাটে চড় মারলেন করুণানিধির নাতনি! – এবেলা

এবেলা ডেস্কঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এক শাখা ম্যানেজারকে প্রকাশ্যে সপাটে চড় মারার গুরুতর অভিযোগ উঠল তামিলনাড়ুর রাজনৈতিক পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত কয়ালভিঝি প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতনি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমকে আলাগিরির মেয়ে এবং বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের ভাইঝি। ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ায় বর্তমানে তা নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এই ঘটনায় চেন্নাই পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একাধিক কড়া ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল ব্যাঙ্কের অন্দরে?
পুলিশ সূত্রে জানা গেছে, এসবিআই-এর আদিয়ার শাখাটি যে বাণিজ্যিক ভবনের ওপর অবস্থিত, তার মালকিন হলেন এই কয়ালভিঝি। ওই ভবনের একটি অকেজো লিফট মেরামতের জন্য দীর্ঘদিন ধরে তাঁর প্রতিনিধিদের অনুরোধ করা হলেও কোনো ফল মেলেনি। এরপর বাধ্য হয়ে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার হর্ষিন সিং সরাসরি কয়ালভিঝিকে ফোন করে বিষয়টি জানান। অভিযোগ, এই ফোন কল বা অনুরোধেই মারাত্মক চটে যান ওই প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য।
গত ২১ জুলাই এসবিআই-এর চিফ ম্যানেজার নামাচিভায়াম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন তেলেসমাতি কান্ড ঘটিয়ে কয়ালভিঝি সোজা ব্যাঙ্কের শাখায় চড়াও হন। এরপর ম্যানেজার হর্ষিন সিংকে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
সামনে এল ভাইরাল সিসিটিভি ফুটেজ
ঘটনার দিনই ব্যাঙ্কের অন্দরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ম্যানেজারের কেবিনে আলোচনার এক পর্যায়ে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। আর তখনই হঠাত্ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান কয়ালভিঝি। এর পরেই টেবিলের ওপার থেকে হাত বাড়িয়ে সোজা ম্যানেজার হর্ষিন সিংকে সপাটে চড় মারেন তিনি।
কঠিন আইনি পদক্ষেপ পুলিশের
সিসিটিভি ফুটেজটিকে অকাট্য প্রমাণ হিসেবে গ্রহণ করে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে চেন্নাই পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ২৯৬(বি) (অশ্লীল ভাষা ব্যবহার), ৩২৯(৪) (অনধিকার গৃহপ্রবেশ), ১১৫(২) (ইচ্ছাকৃতভাবে আঘাত হানা) এবং ৩৫১(২) (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য হয়েও এক সরকারি ব্যাঙ্ক ম্যানেজারের গায়ে হাত তোলার এই ঘটনায় গোটা রাজনৈতিক মহল ও ব্যাঙ্কিং সেক্টরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
