৮ বছর ধরে ভুয়ো পরিচয় ও জাল আধার-ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস! সাগরদিঘি থেকে আটক বাংলাদেশি যুবক – এবেলা

৮ বছর ধরে ভুয়ো পরিচয় ও জাল আধার-ভোটার কার্ড নিয়ে ভারতে বসবাস! সাগরদিঘি থেকে আটক বাংলাদেশি যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভুয়ো পরিচয় ও জাল ভারতীয় নথিপত্র ব্যবহার করে দীর্ঘ আট বছর ধরে মুর্শিদাবাদের সাগরদিঘিতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করল পুলিশ। ধৃত যুবকের নাম মহম্মদ রোকন আলি (৩২)। তাঁর আসল বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট সদাশিবপুর গ্রামে।

কীভাবে ধরা পড়ল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম দিকে বৈধ পাসপোর্টে ভারতে যাতায়াত করলেও ২০০৮ সালের জুলাই মাসে চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে স্থায়ীভাবে চলে আসেন রোকন। কাজের সূত্রে ওড়িশায় থাকাকালীন সাগরদিঘির এক তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণীকে বিয়ে করে তিনি সাগরদিঘির গোবর্ধনডাঙা পঞ্চায়েতের সাহানা বাগান কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন।

জাল পরিচয় এবং নথিপত্র নিজের আসল পরিচয় লুকিয়ে তিনি ‘সোহেল বাবু’ নামে বসবাস শুরু করেছিলেন। নিজের শ্বশুরকে বাবা সাজিয়ে এবং মৃত ফরজ আলির ছেলে হিসেবে পরিচয় দিয়ে তিনি একে একে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড বানিয়ে নেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে।

মঙ্গলবার বিকেলে সাগরদিঘি থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে রোকন আলিকে আটক করে। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে জাল ভারতীয় নথির পাশাপাশি একটি বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে সুতি থানার আহিরণ হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং কীভাবে তিনি এতগুলি ভুয়া ভারতীয় নথি সংগ্রহ করলেন, তার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *