টেট থেকে ছাড়ের দাবি: কেন্দ্রের দরবারে বাংলার ৭৫ হাজার শিক্ষক-সহ দেশের ২৩ লক্ষ শিক্ষক! – এবেলা

টেট থেকে ছাড়ের দাবি: কেন্দ্রের দরবারে বাংলার ৭৫ হাজার শিক্ষক-সহ দেশের ২৩ লক্ষ শিক্ষক! – এবেলা

এবেলা ডেস্কঃ

চাকরি নিয়ে চরম অনিশ্চয়তার মুখে দেশের প্রায় ২৩ লক্ষ এবং বাংলার ৭৫ হাজার কর্মরত শিক্ষক-শিক্ষিকা। ২০১০ সালে টেট (TET) বাধ্যতামূলক হওয়ার আগে সরকারি নিয়মে নিযুক্ত নন-টেট শিক্ষকদের টেট পাশ করার সুপ্রিম কোর্টের রায় থেকে ছাড় দিতে আসরে নামল শিক্ষক সংগঠনগুলি।

গত ১১ মাস আগে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত সমস্ত শিক্ষক-শিক্ষিকাকেই টেটে সফল হতে হবে। কিন্তু এই বিষয়ে রাজ্যগুলি এখনও কোনও উদ্যোগ না নেওয়ায় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আসায় নতুন করে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দুই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে ‘শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন’

সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী জানিয়েছেন, চিঠিতে দাবি তোলা হয়েছে যে, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় সংসদের চলতি অধিবেশনেই একটি সংশোধনী বিল আনা হোক। যাতে তাঁদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক না করা হয় এবং চাকরি, বেতন ও পেনশন আইনগতভাবে সুরক্ষিত থাকে।

পাশাপাশি, আরএসএস অনুমোদিত ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’ (এবিআরএমএস)-এর স্কুলশিক্ষা শাখার সাধারণ সম্পাদক বাপি প্রামাণিকও জানিয়েছেন যে, লক্ষ লক্ষ শিক্ষকের চাকরির অনিশ্চয়তা দূর করতে দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে উদ্যোগী হওয়ার আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ই-মেল পাঠিয়ে এই জটিলতা থেকে মুক্তির আর্জি জানিয়েছে। সমিতির কলকাতা জেলার মুখ্য উপদেষ্টা ভীমসেন বিসোয়াল জানান, গত বছর ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতের রায়ের ফলে ১ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত কর্মরত বহু শিক্ষক—যাঁরা ৩০ বা ২৫ বছর ধরে চাকরি করছেন এবং যাঁদের নিয়োগের সময় টেট চালু ছিল না—তাঁদের চাকরি আজ সঙ্কটের মুখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *