নিট মিছিলে সাংবাদিক নিগ্রহ: রাজ্যের ভূমিকা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের, তলব রিপোর্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই অনভিপ্রেত ঘটনায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, আগামী দিনে মিটিং-মিছিলের নামে দুষ্কৃতীমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন বা এসওপি (SOP) তৈরি করা যায় কি না, সে বিষয়েও রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও।
আদালতে কী আর্জি জানানো হয়েছিল? গত শুক্রবার নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার রাজপথে একটি মিছিল বের হয়েছিল। অভিযোগ ওঠে, সেই মিছিলের মাঝেই ভিড়ের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী একাধিক সাংবাদিকের উপর চড়াও হয় এবং বেশ কয়েকজন চিত্রসাংবাদিক ও রিপোর্টার নির্মমভাবে আক্রান্ত হন। এই ঘটনার পরই আহত এক সাংবাদিকের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়।
আবেদনে স্পষ্টভাবে জানানো হয় যে, এই মামলা কোনো ছাত্র আন্দোলন বা প্রতিবাদের বিরুদ্ধে নয়। বরং মিছিলের নামে কোনো ধরনের অসামাজিক কাজ রোধ করতে রাজ্যকে একটি স্থায়ী গাইডলাইন তৈরি করতে হবে। পাশাপাশি, মিছিলে কোনো অপ্রীতিকর বা বেআইনি ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরই নিতে হবে বলেও সওয়াল করা হয়। বুধবার এই মামলার শুনানিতে আদালত গোটা ঘটনায় কড়া অবস্থান নিয়ে রাজ্যের পদক্ষেপের বিশদ বিবরণ চেয়েছে।
