“শুধু বড়লোকের সন্তানদের চাকরি, বঞ্চিত গরিবের সন্তান!” শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ রাহুলের – এবেলা

এবেলা ডেস্কঃ
লোকসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বুধবার লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল সংক্রান্ত আলোচনার সময় তিনি অভিযোগ করেন যে, দেশের গোটা শিক্ষাব্যবস্থা আজ চরম সংকটের মুখে এবং এটি সম্পূর্ণরূপে আরএসএস-এর নিয়ন্ত্রণে চলে গেছে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেন, দেশের শিক্ষা মন্ত্রক আদতে শিক্ষামন্ত্রী চালাচ্ছেন না, চালাচ্ছেন আরএসএস নেতৃত্ব। বর্তমানে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি হিসেবে এমন ব্যক্তিদের বসানো হচ্ছে, যারা সরাসরি আরএসএস-এর সঙ্গে যুক্ত।
দেশজুড়ে সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ড নিয়ে কেন্দ্রকে তুমুল আক্রমণ করে রাহুল বলেন, শিক্ষার্থীরা দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, অথচ শেষ পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আজ শিক্ষাকে সম্পূর্ণ বাণিজ্যীকরণ করা হয়েছে। ধনীদের সন্তানেরা সহজেই চাকরি পেয়ে যাচ্ছে, আর গরিব পরিবারের ছেলেমেয়েরা অবহেলিত হচ্ছে। শিক্ষাব্যবস্থার আত্মাকেই আজ দখল করে নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর এক বক্তব্যের জবাবে রাহুল মন্তব্য করেন, রাজনাথ সিং ঠিকই বলেছেন যে এনডিএ সরকার ইউপিএ-র মতো নয় এবং তাদের মন্ত্রীরা পদত্যাগ করেন না। কারণটা খুব স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী হলেও আসল দায়িত্ব পালন করছে আরএসএস।
রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে, দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাভাবনা প্রকাশের সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সমস্ত ভয় কাটিয়ে লড়াই করলেও সরকার এমন মনোভাব দেখাচ্ছে যেন সব জ্ঞান তাদের একার অধিকারে রয়েছে। বর্তমানে নিট কেলেঙ্কারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পক্ষপাতিত্বের অভিযোগে বিরোধী দলনেতার এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।
