পরকীয়ায় কাঁটা! মহিলা ডাক্তার ও পরিবারের হাতে জলশক্তি বিভাগের ইঞ্জিনিয়ার খুন – এবেলা

পরকীয়ায় কাঁটা! মহিলা ডাক্তার ও পরিবারের হাতে জলশক্তি বিভাগের ইঞ্জিনিয়ার খুন – এবেলা

এবেলা ডেস্কঃ

হিমাচল প্রদেশের কুল্লুতে জলশক্তি বিভাগের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের (JE) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক নজরদারিতে নিছক দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু মনে হলেও, পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এক ঠাণ্ডা মাথার ‘ব্লাইন্ড মার্ডার’-এর চিত্র। অবৈধ সম্পর্কের সন্দেহে ওই সরকারি আধিকারিককে পিটিয়ে মারার অভিযোগে কুল্লু আঞ্চলিক হাসপাতালের এক মহিলা চিকিৎসক, তাঁর চিকিৎসক স্বামী, শ্বশুর এবং দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তে জানা গেছে, গত ২৪ জুলাই জলশক্তি বিভাগের ৫২ বছর বয়সি জেই লাভ সিং গুলেরিয়াকে পানীয় জলের পাইপলাইন পরীক্ষার অজুহাতে নিজের বাড়িতে ডেকে পাঠান ওই মহিলা চিকিৎসক। লাভ সিংয়ের সঙ্গে চিকিৎসকের অনৈতিক সম্পর্ক রয়েছে— এই সন্দেহে গৃহপরিচারিকার সামনেই লাভ সিংয়ের ওপর চড়াও হন মহিলা চিকিৎসকের স্বামী, শ্বশুর ও দেওর। দরজা আটকে চলে জিজ্ঞাসাবাদ ও চরম মারধর। গুরুতর জখম অবস্থায় তাঁকে অফিসের কাছে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে প্রথমে রাস্তায় তাঁর স্কুটি এবং পরে মুমূর্ষু অবস্থায় লাভ সিংকে উদ্ধার করেন। বিলাসপুরের এইমসে (AIIMS Bilaspur) স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই গত শনিবার তাঁর মৃত্যু হয়।

ঘটনার রহস্য উদঘাটনে কুল্লুর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সঞ্জীব চৌহানের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। কল ডিটেলস রেকর্ড (CDR) এবং অভিযুক্তদের গৃহপরিচারিকার প্রত্যক্ষদর্শী জবানবন্দির ওপর ভিত্তি করেই জট খোলে এই ব্লাইন্ড মার্ডারের। বুধবার সন্ধ্যায় চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে এসআইটি। সরকারি আধিকারিকের এমন নৃশংস পরিণতিতে গোটা হিমাচল প্রদেশ জুড়েই চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *