যন্তর মন্তরে ছাত্রদের ওপর ছররা গুলি কেন? সুপ্রিম কোর্টের তোপে দিল্লি পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির যন্তর মন্তরে নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের ওপর প্রাণঘাতী ছররা বা পেলেট গুলি চালানোর অভিযোগে এবার চরম কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। আন্দোলন দমনে দিল্লি পুলিশ ঠিক কোন পরিস্থিতিতে কীভাবে বলপ্রয়োগ করতে পারে, তার সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র ‘চলো সংসদ’ অভিযানের সময় পুলিশের বলপ্রয়োগ নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আন্দোলনকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী বৃন্দা গ্রোভার দাবি করেন, ছাত্ররা অহিংস আন্দোলন করা সত্ত্বেও পুলিশ রবার বুলেটের বদলে প্রাণঘাতী ধাতব পেলেট ব্যবহার করেছে।
শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ছররা গুলি ব্যবহার পুলিশি বলপ্রয়োগের একেবারে শেষ ধাপে হওয়া উচিত, তা প্রথম পদক্ষেপ হতে পারে না। আদালত মন্তব্য করে, বিক্ষোভ দমনে অহিংস পথই কাম্য, তবে আত্মরক্ষা বা চরম পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সীমিত ক্ষমতা দিতে হয়। পুলিশ বেআইনিভাবে ক্ষমতা প্রয়োগ করেছে কি না, তার প্রমাণ আবেদনকারীদের পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে ঢালাও নিষেধাজ্ঞার বদলে আদালতের নজরদারিতে একটি কড়া গাইডলাইন বা নির্দেশিকা তৈরির পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে এই স্পর্শকাতর মামলায় কেন্দ্রকেও নোটিস পাঠিয়েছে আদালত।
উল্লেখ্য, গত ২০ জুলাই যন্তর মন্তরে নিট কাণ্ডের প্রতিবাদে সিজেপির আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। টিয়ার গ্যাস, অ্যান্টি-রাইট গান ও প্লাস্টিক পেলেট ব্যবহারের কথা পুলিশ স্বীকার করে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবি মেনে নেওয়ায় টানা ৩৬ দিন পর যন্তর মন্তর থেকে ধরনা প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনকারীরা।
