প্রাকৃতিক দুর্যোগেও সুরক্ষিত ফসল! ফসল বিমার আবেদনের সময়সীমা বাড়াল সরকার, মিলবে বড় আর্থিক সুরক্ষা! – এবেলা

প্রাকৃতিক দুর্যোগেও সুরক্ষিত ফসল! ফসল বিমার আবেদনের সময়সীমা বাড়াল সরকার, মিলবে বড় আর্থিক সুরক্ষা! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব সংবাদদাতা: প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্টের দুশ্চিন্তা থেকে কৃষকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ (PMFBY)-র অধীনে খারিফ ২০২৬ মরসুমের ফসল বিমার আবেদনের শেষ সময়সীমা বাড়িয়ে ১৬ আগস্ট, ২০২৬ করা হয়েছে।

কেন করাবেন এই বিমা?

খরা, বন্যা, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার দরুন সঠিক সময়ে বীজ বপন করতে না পারা—যেকোনো প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেয় সরকার। ফসল কাটার পর নষ্ট হলেও মিলবে এই সহায়তা। শুধু লোন নেওয়া কৃষকই নন, ঋণমুক্ত সাধারণ চাষী ও বর্গাচাষীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

প্রিমিয়ামের খরচ কেমন?

কৃষকদের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে অত্যন্ত কম খরচে এই বিমা রাখা হয়েছে:

  • খারিফ শস্য, ডাল ও তৈলবীজ: মাত্র ২% প্রিমিয়াম। (উদাহরণস্বরূপ, ১০,০০০ টাকার প্রিমিয়ামে কৃষক দেবেন মাত্র ২০০ টাকা, বাকি ৯,৮০০ টাকা দেবে সরকার।)
  • রবি শস্য: মাত্র ১.৫% প্রিমিয়াম।
  • বাণিজ্যিক/উদ্যানজাত শস্য: ৫% প্রিমিয়াম।

গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদনের নিয়ম:

  • আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট, ২০২৬।
  • নাম প্রত্যাহারের সুযোগ: ৯ আগস্ট, ২০২৬-এর মধ্যে।
  • ফসলের নাম পরিবর্তন: ১৪ আগস্ট, ২০২৬-এর মধ্যে।
  • কোথায় আবেদন করবেন: ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল, নিকটবর্তী ব্যাংক, সমবায় সমিতি বা সিএসসি (CSC) সেন্টারে। (যাঁদের লোন নেই, তাঁদের জন্য ‘এগ্রিস্ট্যাক আইডি’ বাধ্যতামূলক)

কীভাবে স্ট্যাটাস চেক করবেন?

বিমা করার পর স্ট্যাটাস জানতে PMFBY-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও OTP দিয়ে ‘Farmers Corner’-এ লগইন করলেই বিস্তারিত জানা যাবে। এছাড়া যেকোনো সহায়তার জন্য সরকারি হেল্পলাইন নম্বর ১৪৪৪৭-এ যোগাযোগ করা যাবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *