অর্পিতা শুধুই চারা! এবার রাজ্যে সুন্দরী মডেলদের দিয়ে ‘হানিট্র্যাপ গ্যাং’ বানানোর ছক পাক জঙ্গিদের – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: শুধু অর্পিতা সরকারই নয়, বাংলায় সুন্দরী ও উঠতি মডেলদের টার্গেট করে একটি আস্ত ‘হানিট্র্যাপ গ্যাং’ তৈরি করার ছক কষছে পাক জঙ্গি সংগঠনগুলি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাজ্যের অন্তত ৬ জন মন্ত্রী এবং তাঁদের পরিবারকে হানিট্র্যাপে ফেলে কোটি কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল তাদের। এই চক্রান্তে অর্পিতা ছাড়াও আর কোনো মহিলাকে কাজে লাগানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
তদন্তে প্রকাশ, ভালো অভিনয় ও মডেলিংয়ের সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়েই ঝাড়খণ্ডের অর্পিতা সরকারকে নিজেদের জালে টানে পাক এজেন্ট হামিম মণ্ডল। হামিম তাকে বোঝায়, হানিট্র্যাপের এই কাজ করলে সে একলপ্তে প্রচুর টাকা রোজগার করতে পারবে। এমনকি, কীভাবে সোশাল মিডিয়া ব্যবহার করে হাওড়ার এক মন্ত্রীর ছেলেকে ফাঁদে ফেলা হবে এবং তার থেকে মোটা টাকা তোলাবাজি করা হবে—তার বিশেষ প্রশিক্ষণও অর্পিতাকে দেওয়া হয়েছিল সরাসরি পাকিস্তান থেকে!
গোয়েন্দাদের মতে, পাকিস্তানের শেহজাদ ভাট্টি এবং ‘তেহরিক-ই-তালিবান হিন্দুস্থান’-এর মতো জঙ্গি সংগঠনের মাথারাই এই রাজ্যের সুন্দরীদের বেছে নিয়ে গ্যাং তৈরি করছে। হামিম মণ্ডলের মতো এজেন্টদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল—প্রথমে সোশাল মিডিয়ায় সুন্দরী যুবতীদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, পরে তাদের সঙ্গে দেখা করে ঘনিষ্ঠতা বাড়াতে হবে, এমনকি প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিয়ে হলেও তাদের বশ করতে হবে।
সেই প্ল্যান অনুযায়ী, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের অর্পিতাকে ব্যবহার করে চার মাস ধরে হাওড়ার ওই মন্ত্রীপুত্রের ওপর নজর রাখা হচ্ছিল। লক্ষ্য ছিল কেবল টাকা হাতানোই নয়, সুযোগ বুঝে ওই মন্ত্রীপুত্রকে অপহরণ করারও পরিকল্পনা করা হয়েছিল। রাজ্য পুলিশের এসটিএফ (STF) এখন খতিয়ে দেখছে, এই কুখ্যাত চক্রের জালে রাজ্যের আর কতজন প্রভাবশালী ফেঁসেছেন।
