প্রমাণের অভাব! মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা মামলায় সসম্মানে খালাস ব্রিজভূষণ – এবেলা

এবেলা ডেস্কঃ
যৌন হেনস্থা মামলায় বড়সড় স্বস্তি পেলেন ভারতের কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি তথা বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। উপযুক্ত প্রমাণের অভাবে সোমবার দিল্লির রাউস অ্যাভীনু কোর্ট তাঁকে সম্পূর্ণ বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। ব্রিজভূষণের পাশাপাশি কুস্তি সংস্থার প্রাক্তন সহ-সচিব বিনোদ তোমরকেও রেহাই দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার।
২০২৩ সালে দেশের একাধিক শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। সেই প্রতিবাদের জেরে দিল্লির যন্তর-মন্তরে দিনের পর দিন আন্দোলন চালিয়েছিলেন কুস্তিগিররা, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্ত শেষে দিল্লি পুলিশ আদালতে চার্জশিট পেশ করলেও দীর্ঘ শুনানি পর্বের পর বিচারক জানান—ব্রিজভূষণের বিরুদ্ধে পেশ করা তথ্যপ্রমাণ নির্ভরযোগ্য ও পর্যাপ্ত নয়।
আদালতের এই রায়ের পর প্রতিক্রিয়ায় ব্রিজভূষণ বলেন, “আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, অভিযোগ সত্যি প্রমাণিত হলে আমি ফাঁসিতে ঝুলতে রাজি। আজ আদালত আমাকে সসম্মানে খালাস করেছে।”
এই রায়ের ফলে ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, অভিযোগকারী কুস্তিগিররা এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন কি না।
