‘২১৫ জন কর্মীর বেতন বন্ধ, নিত্য খরচ চালানো দায়!’ সুপ্রিম কোর্টে আর্জি তৃণমূলের, পাল্টা প্রশ্ন কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ
দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ বা স্থগিত রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। শীর্ষ আদালতে সওয়াল করার সময় তৃণমূলের আইনজীবীরা দাবি করেন, দলের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় দৈনন্দিন খরচ চালানো তো দূর, ২১৫ জন কর্মীর বেতন পর্যন্ত আটকে রয়েছে।
তৃণমূলের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিবাল বলেন, “আমাদের সব অ্যাকাউন্ট বন্ধ থাকায় রোজকার খরচ চালানোই সম্ভব হচ্ছে না।” আরেক আইনজীবী মেনকা গুরুস্বামী যোগ করেন, কর্মী ও কর্মচারীদের বেতন দেওয়া যাচ্ছে না। শুনানি চলাকালীন বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ জানতে চায়, হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের হাতে নিত্যদিনের খরচের জন্য কিছু টাকা তুলে দেওয়া যায় কি না।
তবে তৃণমূলের এই দাবিকে পুরোপুরি খারিজ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) এস ভি রাজু পাল্টা বলেন, “তৃণমূলের কাছে যথেষ্ট টাকা রয়েছে।” উভয় পক্ষের বক্তব্য শুনলেও শীর্ষ আদালত এ দিন সরাসরি কোনো নির্দেশ দেয়নি। মামলার প্রধান বিষয়ে আদালত এখনই হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি এমএম সুন্দরেশ। আগামী মঙ্গলবার ফের এই বিষয়ে দু’পক্ষের শুনানি হবে।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “তদন্তের প্রয়োজন থাকলে নিশ্চয়ই করা হোক। কিন্তু বেআইনিভাবে অ্যাকাউন্ট বন্ধ করে কর্মীদের বেতন ও দৈনন্দিন খরচ আটকে দেওয়া ঘোর অবিচার।” অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের এই ২১৫ জন কর্মীর দাবি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে।
