“ফোন দাও, না হয় কাজ থেকে অব্যাহতি দাও!” ফোন নিয়ে জেরবার সেনসাস কর্মীদের বিক্ষোভ – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৭ সালের ভারতের জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীরা চরম সমস্যায় পড়েছেন। নতুন এইচএলও (HLO) অ্যাপটি অ্যান্ড্রয়েড ১২ বা তার ওপরের ভার্সন ছাড়া ডাউনলোড করা যাচ্ছে না। ফলে ২০২১ সালের আগের পুরোনো মোবাইল ফোন ব্যবহারকারীরা এই অ্যাপে প্রশিক্ষণের কাজও ঠিকমতো করতে পারছেন না।
অভিযোগ উঠেছে, একাধিক জেলা প্রশাসন অলিখিতভাবে কর্মীদেরই নতুন অ্যান্ড্রয়েড ১২ ফোন কেনার নির্দেশ দিচ্ছে। এর ফলেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‘সেনসাস কর্মী ঐক্য মঞ্চ’-এর পরিষ্কার দাবি— সরকারি কাজের জন্য ডিভাইস সরকারকেই দিতে হবে, নয়তো তাঁদের জনগণনার কাজ থেকে অব্যাহতি দিতে হবে।
আগামী ১৬ই আগস্ট থেকে ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত গৃহ তালিকা প্রস্তুতকরণ ও গৃহ গণনার কাজ রয়েছে, যা সম্পূর্ণভাবে এই অ্যাপের মাধ্যমেই করতে হবে। মোবাইল না থাকায় কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দাবি আদায়ে শুক্রবার দুপুর ২টোয় পুরসভা অভিযানের ডাক দিয়েছেন সেনসাস কর্মীরা। এখন দেখার, প্রশাসন এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ নেয়।
