“প্রতিবাদ মানেই দেশদ্রোহ নয়”, জেন জি-দের প্রশংসায় পঞ্চমুখ মোহন ভাগবত – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের তরুণ প্রজন্ম তথা ‘জেন জি’-র (Gen Z) ওপর নিজের অগাধ আস্থার কথা স্পষ্ট ভাষায় জানালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে এবং কোনোভাবেই তা খর্ব করা উচিত নয়। সম্প্রতি ছাত্র আন্দোলন ঘিরে নানা জল্পনার মধ্যে তাঁর এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রতিবাদের অধিকার ও গণতন্ত্র
গণতন্ত্রে প্রতিবাদকে সুস্থ আলোচনার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন সঙ্ঘ প্রধান। তাঁর মতে, সঠিক সংলাপ ও আলোচনার মাধ্যমেই কেবল যেকোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। দেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থায় আজও অনেক উন্নতির প্রয়োজন। তাই তরুণদের সাথে সঠিক সংলাপ বজায় রাখা অত্যন্ত জরুরি।”
প্রশ্ন তুলতে ভালোবাসে ‘জেন জি’ ও ‘জেন আলফা’
বর্তমান প্রজন্মের মানসিকতার প্রশংসা করে মোহন ভাগবত জানান, আগের প্রজন্মের মানুষ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে কিছুটা দ্বিধা বোধ করতেন। কিন্তু আজকের ‘জেন জি’ এবং ‘জেন আলফা’ যুক্তি দিয়ে প্রশ্ন করতে ভালোবাসে এবং তার সঠিক উত্তরও প্রত্যাশা করে।
তিনি স্পষ্ট জানান, “আমি কখনোই বলব না যে জেন জি-দের প্রতিবাদ করা উচিত নয়। তবে গণতন্ত্রে সেই প্রতিবাদের একটি সঠিক ও সুশৃঙ্খল পথ থাকা প্রয়োজন।” যুবসমাজ সরব হলে বুঝতে হবে তারা কেবল বিরোধিতা করার জন্য নয়, বরং ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্যই সরব হচ্ছে।
ঢালাও ‘দেশবিরোধী’ তকমার তীব্র বিরোধিতা
সামান্য কারণেই যুবসমাজকে ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন মোহন ভাগবত। সহানুভূতি ও সহমর্মিতার বার্তা দিয়ে তিনি বলেন, “আজকের প্রজন্মই সবচেয়ে সৎ। তাদের কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বোঝাতে হবে যে তাদের মতামতের গুরুত্ব রয়েছে।”
আন্দোলনে টিয়ার গ্যাস বা পেলেট গান ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, পর্যাপ্ত তথ্য না থাকায় তিনি কোনো মন্তব্য করবেন না। তবে তরুণদের সততায় বিশ্বাস রেখে তাঁর স্পষ্ট বার্তা— “মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলেই সেই আন্দোলন দেশবিরোধী হয়ে যায় না।”
