‘পশ্চিমবঙ্গ’ নামই চূড়ান্ত, দেশভাগের রক্তঝরা ইতিহাস মনে করিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’-ই থাকবে, কোনোভাবেই তা পরিবর্তন করা হবে না। সেই সঙ্গে রাজ্য সরকারি প্রকল্পের নাম নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত— ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ আবাস’।
কেন বদলাচ্ছে না ‘পশ্চিমবঙ্গ’ নাম? রাজ্যের নাম অপরিবর্তিত রাখার পেছনে ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাসকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “১৯৪৭ সালের বিভীষিকাময় দেশভাগের সময় এই অঞ্চলকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হয়েছিল। সেই কঠিন সময়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৫৮:২১ ভোটে সিদ্ধান্ত নিয়ে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় এবং জন্ম নেয় পশ্চিমবঙ্গ। তাই ‘পশ্চিম’ শব্দটির পেছনে লুকিয়ে রয়েছে এক রক্তক্ষয়ী ইতিহাস ও বিশাল ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই এই ইতিহাসকে আমাদের মুছে যেতে দেওয়া উচিত নয়।”
প্রসঙ্গ: নাম বদলে মমতার যুক্তি উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার জন্য কেন্দ্রের কাছে বারবার দরবার করেছিল। তৎকালীন সরকারের যুক্তি ছিল— ইংরেজি বর্ণানুক্রম (Alphabetical Order) অনুযায়ী ‘West Bengal’-এর ‘W’ অক্ষরটি একদম শেষে থাকায় দিল্লির বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের দাবি-দাওয়া পেশ করার সুযোগ খুব শেষে আসত। বর্ণানুক্রমিক তালিকায় রাজ্যকে ওপরের দিকে তুলে আনতে ২০১১ সালে ‘Paschimbanga’ এবং পরবর্তীতে ২০১৬ ও ২০১৮ সালে নাম বদলে ‘Bangla’ করার প্রস্তাব পাস করা হয়েছিল রাজ্য বিধানসভায়।
তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, সেই সমস্ত প্রস্তাব ও জল্পনায় পূর্ণচ্ছেদ টেনে ঐতিহাসিক ঐতিহ্যকে বজায় রাখতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’-ই বহাল রাখার সিদ্ধান্ত নিশ্চিত করল বর্তমান রাজ্য সরকার।
