দুর্গাপুরে ‘রক্তচোষা’ চক্রের পর্দাফাঁস, টাকার লোভে স্কুলপড়ুয়াদের রক্ত বিক্রি! – এবেলা

দুর্গাপুরে ‘রক্তচোষা’ চক্রের পর্দাফাঁস, টাকার লোভে স্কুলপড়ুয়াদের রক্ত বিক্রি! – এবেলা

এবেলা ডেস্কঃ

দুর্গাপুর:

স্কুলছাত্রদের বুঝিয়ে রক্ত সংগ্রহ এবং তা বেআইনিভাবে বিক্রি করার এক ভয়ঙ্কর চক্র প্রকাশ্যে আসায় তোলপাড় গোটা রাজ্য। এই কাণ্ডে জড়িয়ে থাকা তৃণমূল নেতা অমিত প্রসাদ, মহম্মদ হাবিবুল্লা এবং ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চট্টোপাধ্যায়কে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তদন্তে নেমে উঠে এসেছে দেবপ্রিয়র প্রতারণার বিস্ফোরক সব তথ্য।

তদন্তকারীরা জানান, দেবপ্রিয় ওই নির্দিষ্ট স্কুলেই পড়াশোনা করত এবং ২০২৩-২৪ সালে মাধ্যমিক পাশ করার পর পড়ালেখা ছেড়ে দেয়। তার এই পরিচিতিকেই কাজে লাগিয়ে হাবিবুল্লা ও অমিত চক্রটি চালাত। সম্প্রতি স্কুলের আশেপাশে যাতায়াত বাড়িয়ে অষ্টম থেকে দশম শ্রেণির আর্থিক সংস্থানহীন পড়ুয়াদের সাথে বন্ধুত্ব জমাত দেবপ্রিয়। তাদের বিশ্বাস অর্জন করার পর, অসুস্থ শিশুদের ভুয়ো ভিডিও দেখিয়ে তাদের সহানুভূতি জাগিয়ে তুলত। পড়ুয়ারা রক্ত দিতে রাজি হলেই কৌশল করে তাদের পরিচয়পত্রের বয়স জালিয়াতি করে প্রাপ্তবয়স্ক বানাত দেবপ্রিয়। এরপর বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করত এবং প্রতিদানে পড়ুয়াদের হাতে মাত্র ২৫০ থেকে ৫০০ টাকা গুঁজে দিত।

গত সাড়ে তিন মাসে বেশ কিছু পড়ুয়ার কাছ থেকে দু’বারেরও বেশি রক্ত নেওয়া হয়েছে। এমনকি, নতুন রক্তদাতা নিয়ে আসতে পারলে ৫০০ টাকা কমিশন দেওয়ারও টোপ দিত সে। এছাড়া কিছু ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের চেষ্টা করলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ধৃতদের এই নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *