আসামে বন্যা পরিস্থিতি অনিয়ন্ত্রিত: ৯৮ জনের মৃত্যু, গোলাঘাটে ত্রাণ পৌঁছালেন বক্সার লভলিনা – এবেলা

এবেলা ডেস্কঃ
আসাম: আসামে বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ASDMA)-এর হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮-এ (যার মধ্যে ৫৭ জন পুরুষ, ২৩ জন নারী এবং ১৮ জন শিশু)। কাছাড় জেলায় সর্বাধিক ২২ জন এবং শিবসাগরে ১০ জনের মৃত্যু হয়েছে। ধেমাজি, নগাঁও, গোলাঘাট, করিমগঞ্জসহ বেশ কয়েকটি জেলা এখনও ভয়াবহভাবে প্লাবিত।
মুখ্যমন্ত্রীর বার্তা ও প্রশাসনিক তৎপরতা
বন্যাকে কেবল ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার জায়গায়, এর দীর্ঘস্থায়ী ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিক্ষাবিদ ও নাগরিক সমাজকে একযোগে কার্যকর পদক্ষেপ খোঁজার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজের পাশাপাশি চলছে পুনর্বাসনের তদারকি। শিবসাগরে মন্ত্রী পীযূষ হাজারিকা ত্রাণকার্য পর্যালোচনা করে জানান, প্রায় ৪৩,০০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতোমধ্যে ১৫,০০০ টাকা করে অন্তর্বর্তীকালীন সাহায্য দেওয়া হয়েছে।
লভলিনার উদ্বেগ
গোলাঘাট জেলায় ধানসিঁড়ি ও দয়াং নদীর জল বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। অলিম্পিয়ান বক্সার লভলিনা বোরগোহাঁই বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে সেখানকার জনজীবনের শোচনীয় পরিস্থিতির কথা তুলে ধরেন এবং দ্রুত দুর্গতদের মাথার ওপর স্থায়ী ছাদের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আর্জি জানান।
