পাঁচতারা হোটেলে এ কী কাণ্ড! মিলল পচা মাংস আর ছত্রাকভর্তি সবজি! – এবেলা

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর একাধিক বিলাসবহুল পাঁচতারা হোটেলে আকস্মিক অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে কর্নাটকের খাদ্য নিরাপত্তা বিভাগ। শহরের নামী হোটেলগুলিতে পরিচ্ছন্নতা ও উন্নত পরিষেবার দাবি ধূলিসাৎ করে উদ্ধার হয়েছে টন টন মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার। ‘দ্য ললিত অশোক’ হোটেল থেকে ৭৬ কেজি মাংস, ২০০ কেজি সবজি এবং ৩২ লিটার বাসি দুধ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ‘র্যাডিসন ব্লু’ হোটেল থেকে ১০৫ কেজি, ‘তাজ যশবন্তপুর’ থেকে ৭২ কেজি এবং অন্যান্য নামী হোটেল থেকেও বিপুল পরিমাণ পচা মাংস ও বেকারি পণ্য উদ্ধার করা হয়।
নিয়ম লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট হোটেলগুলিকে ইতিমধ্যেই কঠোর নোটিশ পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে চা, মাংস, মশলা, পনির ও দুধসহ মোট ৩৫টি খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ল্যাবরেটরি থেকে চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট আসার পরই দোষী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইনানুগ ও কঠোর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
