ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে নৃশংস খুন! ১২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েও শেষ রক্ষা হলো না! – এবেলা

এবেলা ডেস্কঃ
সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজ দেখে ৬২ বছর বয়সি স্ত্রীকে প্রকাশ্যে খুন করার অভিযোগে এক সফটওয়্যার কনসালট্যান্টকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব দিল্লির একটি বাড়িতে গত ৩০ জুলাই এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযুক্ত কমল সিং জামাকাপড় শুকোবার সময় পিছন থেকে তলোয়ার ও কাঁচি দিয়ে সস্ত্রীক কোমলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা করে সে প্রায় ১২ লক্ষ টাকা নগদ নিয়ে স্কুটারে চম্পট দেয়। ঘটনার দিন রাতে তাদের ছেলে বাড়ি ফিরে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কমল পালানোর সময় তদন্তকারীদের বিভ্রান্ত করতে প্রথমে গোরখপুরের দিকে গিয়ে ফোন চালু রাখে এবং পরে তা বন্ধ করে মথুরার দিকে পালিয়ে যায়। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার তিন দিন পর মথুরা স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের স্কুটার ও লুট করা নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত স্বীকার করেছে যে, পারস্পরিক দূরত্বের জেরে দাম্পত্য কলহের জেরেই সে এই পরিকল্পনা করেছিল।
