আসামের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ! হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা – এবেলা

এবেলা ডেস্কঃ
আসাম জুড়ে বন্যা পরিস্থিতি দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নতুন করে মৃত্যুর খবর আসায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিধ্বংসী বন্যায় ৫৭ জন পুরুষ, ২৩ জন মহিলা এবং ১৮ জন শিশু প্রাণ হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাছাড় ও শিবসাগর জেলায়। জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত উদ্ধার ও ত্রাণকার্য চালাচ্ছে প্রশাসন।
এই পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একে জাতীয় বিপর্যয় ঘোষণা করার বদলে জাতীয় স্তরে এর দীর্ঘস্থায়ী সমাধান খোঁজার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি, মন্ত্রীরা বন্যাদুর্গতদের মাঝে থেকে ত্রাণ ও পুনর্বাসন কাজের তদারকি করছেন। এদিকে গোলাঘাটে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট বক্সার লভলিনা বোরগোহাঁই।
