টুলু কাণ্ডের পর কড়া প্রশাসন! দুর্নীতি রুখতে পাথর খাদানে এবার অনলাইনে ডিসিআর – এবেলা

টুলু কাণ্ডের পর কড়া প্রশাসন! দুর্নীতি রুখতে পাথর খাদানে এবার অনলাইনে ডিসিআর – এবেলা

এবেলা ডেস্কঃ

বীরভূমের পাথর শিল্পে টুলু মণ্ডলের পাহাড়প্রমাণ দুর্নীতির পর এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি মেনে পাথর খাদান থেকে রাজস্ব আদায়ে পুরোপুরি অনলাইন ব্যবস্থা চালু করা হল। শুক্রবার মহম্মদবাজারের রায়পুর চেকগেটে অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) শুভম আগরওয়াল এবং সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহার উপস্থিতিতে এই পদ্ধতির সূচনা হয়। আগে বেসরকারি সংস্থার হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব থাকায় নকল ডিসিআরের (ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট) মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ হত। এবার সেই ফাঁকফোকর চিরতরে বন্ধ করতে ট্রাক মালিকদের সরাসরি অনলাইনে রাজস্ব জমা দিয়ে ডিসিআর টোকেন সংগ্রহ করতে হবে।

নতুন নিয়মে পাথর খাদানের প্রতিটি চেকগেটে সরকারি আধিকারিকরা নির্দিষ্ট যন্ত্রের সাহায্যে অনলাইনে রাজস্ব নেবেন, ফলে নগদ লেনদেনের বা কাটমানির কোনও সুযোগই থাকছে না। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়া বা বেআইনি লেনদেন রুখতে রাস্তার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ ও প্রশাসনিক কর্তাদের কড়া নজরদারি থাকবে। টাকার বিনিময়ে কোনও আধিকারিক যদি বেআইনিভাবে পাথরবোঝাই গাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তবে ট্রাক মালিকের পাশাপাশি সেই কর্মীর বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত রাজস্ব ব্যবস্থা গড়তেই এই যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *