মদ নিষিদ্ধ করেও শান্তি নেই! বিহারে নিষেধাজ্ঞা তোলার বড় প্রস্তাব সমীক্ষায় – এবেলা
এবেলা ডেস্কঃ
বিহারে নীতীশ কুমার সরকারের চালু করা কড়া মদ নিষেধাজ্ঞা নীতি নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে। ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের (NCAER) সাম্প্রতিক এক গবেষণায় রাজ্যে এই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার জোরালো প্রস্তাব পেশ করা হয়েছে। অর্থনীতিবিদ রত্না সাহার নেতৃত্বে পরিচালিত এই সমীক্ষায় স্পষ্ট জানানো হয়েছে, মদ নিষিদ্ধ হওয়ায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার কিছুটা কমলেও, রাজ্যে বেআইনি মদের কারবার, ব্যাপক দুর্নীতি এবং মাদক ব্যবহারের প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।
শুক্রবার ইন্ডিয়া পলিসি ফোরামে পেশ করা ওই বিশদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিহারের নিজস্ব কর আদায় ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি, এই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে সরকারের যে বিপুল প্রশাসনিক অর্থ খরচ হয় তাও বাঁচবে। ২০১৬ সাল থেকে চালু থাকা এই কঠোর আইনের জেরে রাজ্যের রাজস্ব সংগ্রহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যটিকে মূলত কেন্দ্রের আর্থিক সহায়তার ওপরই নির্ভর করতে হচ্ছে।
