‘কথা রাখেনি পুলিশ’, হাতছাড়া পার্টি অফিস ফেরাতে এবার রাস্তায় অধীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূল জমানায় হাতছাড়া হওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধারে এবার সরাসরি ময়দানে নামলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও প্রশাসন সেই অফিস কংগ্রেসকে ফিরিয়ে দেয়নি। শনিবার মুর্শিদাবাদের নওদার আমতলায় এই বন্ধ পার্টি অফিসটি উদ্ধারে গেলে পুলিশি বাঁধার মুখে পড়েন বহরমপুরের প্রাক্তন সাংসদ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ের সামনেই ধরণায় বসে পড়েন তিনি।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। জানা গেছে, সেই সময় আমতলার এই দলীয় কার্যালয়টি তৈরি হয়েছিল। তৎকালীন কংগ্রেস নেতা (বর্তমান তৃণমূল সাংসদ) আবু তাহের খান দলবদল করার পর অভিযোগ ওঠে, কার্যালয়টি তৃণমূল জোরপূর্বক দখল করে নেয়। দীর্ঘ দিন তৃণমূলের অধীনে থাকার পর সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পার্টি অফিসটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কংগ্রেসের তরফে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
অফিসটি আনুষ্ঠানিকভাবে ফেরত পেতে নওদা থানার পুলিশের সঙ্গে প্রায় ছ’বার বৈঠক করেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু অভিযোগ, পুলিশ বিষয়টি স্বীকার করে নিলেও শেষ পর্যন্ত কার্যালয়ের তালা খুলে দেওয়ার কোনো ব্যবস্থা করেনি।
অবশেষে শনিবার বিকেলে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস কর্মীরা তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। মুহূর্তের মধ্যে শুরু হয় অধীর-পুলিশ বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অধীর চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন— অনেক আলোচনা হয়েছে, আর নয়। নিজের দলীয় কার্যালয় নিজেরা বুঝে নিতেই তাঁরা রাস্তায় নেমেছেন। এর পরেই কার্যালয়ের সিঁড়িতে বসে ধরণা শুরু করেন তিনি। তবে এই বিষয়ে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
