আরজি করকাণ্ডের দু’বছর! রবিবার নির্যাতিতার স্মরণে নীরবতার নির্দেশ রাজ্যের – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যজুড়ে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। রবিবার রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে বেলা ১১টায় প্রদীপ জ্বালিয়ে দুই মিনিটের নীরবতা পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ২০২৪ সালের ৯ অগস্টের এই মর্মান্তিক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। বর্তমানে বিচার প্রক্রিয়া ও নতুন তদন্তের পাশাপাশি নির্যাতিতার স্মরণে সরকারি ও পারিবারিক উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। জলহাটিতে নির্যাতিতার পরিবারের উদ্যোগে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে সম্প্রতি নানা আইনি জটিলতা ও নতুন মোড় এসেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের নতুন বিশেষ তদন্তকারী দল ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে আদালতের ভর্ৎসনা ও পরিবারের অসন্তোষ এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরও নিজেদের উদ্যোগে পৃথক বিভাগীয় তদন্ত শুরু করেছে এবং ঘটনার রাতে উপস্থিত ব্যক্তি ও অধ্যাপকদের তলব করার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের নজরদারিতে সিবিআই এবং রাজ্য প্রশাসনের এই সমান্তরাল পদক্ষেপ কতটা দ্রুত ন্যায়বিচার এনে দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।
