চোরাচালানে বাধা দেওয়ায় ভারতীয় চাষিকে অপহরণ করল বাংলাদেশি দুষ্কৃতীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তসংলগ্ন কুকুরজান এলাকায় চা বাগান থেকে দীপঙ্কর গোপ নামের এক ভারতীয় চাষিকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নিজের বাগানে কীটনাশক স্প্রে করার সময় প্রায় কুড়ি জনের একটি সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী দল তাঁর ওপর চড়াও হয় এবং জোরপূর্বক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলায় নিয়ে যায়। অপহৃতের পরিবারের দাবি, গত ৬ আগস্ট চোরাচালানের উদ্দেশ্যে কাঁটাতার কাটার সময় বিএসএফের হাতে এক বাংলাদেশি দুষ্কৃতী ধরা পড়েছিল। সেই অপরাধের বদলা নিতে এবং ক্রস বর্ডার ক্রাইমে বিএসএফের বাধার ক্ষোভেই এই পরিকল্পিত অপহরণ।
ঘটনার পরই সীমান্তবর্তী এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তৎক্ষণাৎ আসরে নামে বিএসএফ এবং ভারতীয় নাগরিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে উচ্চপর্যায়ের ফ্ল্যাগ মিটিং শুরু করে। বর্তমানে অপহৃত দীপঙ্কর গোপ বিজিবি-র হেফাজতে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার আকস্মিকতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় চাষিকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে বিএসএফ।
